‘অনির্বাচিত’ সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ হতে পারে না। তাঁর দাবি, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। যদি গণতন্ত্রে বিশ্বাস করত, তাহলে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেত না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বিএনপির সংলাপের দাবি না মানার নতুন ষড়যন্ত্র করছে সরকার। কারণ, তারা জনগণকে ভয় পায়। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তাদের সমস্যা।
পথসভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক নূরুল আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।