'অন্তর্বর্তীকালীন সরকার হবে প্রধানমন্ত্রীর ইচ্ছায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যিনি সরকারের প্রধানমন্ত্রী আছেন, তাঁর অধীনেই নির্বাচন  হবে। তিনি যদি ইচ্ছা করেন, মনে করেন, তাহলে অন্তর্বর্তী সরকার গঠন করবেন। যেটা সংবিধানে আছে। যাদের নিয়ে করার ইচ্ছা, তিনি তা–ই করবেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এটা সংবিধানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলব, আপনারা দয়া করে নির্বাচনে আসুন। জনগণের রায় নিন। জনগণ যে রায় দেয়, তা মেনে নিন।’ এদিকে রাজধানীর আরেকটি অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে বলেন, খালেদা জিয়া তাঁর জ্ঞানের স্বল্পতার জন্য ইভিএম ব্যবহারের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কারণ ইভিএম একটি আধুনিক পদ্ধতি। প্রযুক্তিগত এ পদ্ধতি সম্পর্কে জানার জন্য যোগ্যতা থাকা আবশ্যক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের বিষয়ে মতামত ব্যক্ত করেছেন।