'অন্যের জমি দখল করব তা ভাবতেই পারি না'
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বলেছেন, ‘আমরা কারও কাছ থেকে জমি কিনলে বেশি দাম ছাড়া কম দাম দিই না। অন্যের জমি দখল করব, এ কথা ভাবতেই পারি না।’
খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ফরিদপুরে হিন্দু বাড়ি দখল ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে গতকাল বুধবার মোহতেশাম এসব কথা বলেন। বিকেলে শহরের গোয়ালচামট মহল্লায় শ্রীঅঙ্গন প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। আসন্ন জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফরিদপুর শাখা। সভায় সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
খন্দকার মোহতেশাম আরও বলেন, ‘যাঁরা অপবাদ দিচ্ছেন তাঁদের এ কথা জানতে হবে, সততার কারণেই ভাইয়ের (স্থানীয় সরকারমন্ত্রী) রাগ একটু বেশি, কিন্তু জমি জবরদখল করে খেতে হবে—এমন মানসিকতা নূরু মিয়ার সন্তানদের নেই।’
অনুষ্ঠানের সভাপতি জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি অনিমেষ রায় স্বাগত বক্তব্যে বলেন, ‘একটি বাড়ি কেনাবেচার বিষয়কে কেন্দ্র করে ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’
চলতি মাসের শুরুর দিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, মন্ত্রী, সাংসদ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করছে।