'অন্যের লাভের জন্য যেন আমার ঘাড়ে চাপ না পড়ে'

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেই সঙ্গে এই সফরকালে চুক্তি করার ক্ষেত্রে দুই দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেছেন, ‘অন্যের লাভের জন্য যেন আমার ঘাড়ে চাপ না পড়ে।’
আজ বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গয়েশ্বর এ মন্তব্য করেন। রাজধানীর একটি রেস্তোরাঁয় ওই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চীনের প্রেসিডেন্টের আসন্ন সফরে তাঁরা ভালো কিছু আশা করছেন। চুক্তি করার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের তুলনায় অন্য যেকোনো দেশ তাদের স্বার্থটা বেশি বোঝে। পারস্পরিক স্বার্থ যাতে রক্ষা পায়, সেভাবে চুক্তি করতে হবে। কী চুক্তি হতে যাচ্ছে, তা নিয়ে পুরোপুরি অন্ধকারে আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করব ভালো কিছু হবে।’
গয়েশ্বর বলেন, ‘মেগা প্রজেক্ট মানে মেগা বরকত। এর সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট থাকবেন, তাঁদের বরকত বাড়বে। জনগণের বরকত কী হবে, তা জানি না। হয়তো একদিন আমাদের ঋণের বোঝা বাড়বে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তাদের নিপীড়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে বিএনপিও অলস বসে থাকবে না। বিএনপিকে বেঁচে থাকার জন্য মারার প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।