শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বাঙালি জাতিকে চিরতরে মেধাশূন্য করার অপচেষ্টায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এখনো সেই অপশক্তি প্রতিনিয়ত চক্রান্ত, ষড়যন্ত্র করে যাচ্ছে।
গতকাল রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বিশ্ব দরবারে উন্নয়ন, অগ্রগতির মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পাচ্ছে। এই অর্জন, সাফল্য ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
দলের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সহসভাপতি খোরশেদ আলম ও আলতাফ হোসেন চৌধুরী। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।