'অবরুদ্ধ' খালেদা জিয়ার অবরোধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে কার্যালয়ের প্রধান ফটকের কাছে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া, গতকাল বিকেল পাঁচটায় l ছবি: প্রথম আলো
গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে কার্যালয়ের প্রধান ফটকের কাছে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া, গতকাল বিকেল পাঁচটায় l ছবি: প্রথম আলো

তিন দিন ধরে গুলশানে নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশ অবরোধের ডাক দিয়েছেন। আজ মঙ্গলবার থেকে এ কর্মসূচি শুরু হবে।
গতকাল সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও কালো পতাকা মিছিল করতে না দেওয়ায় খালেদা জিয়া এ কর্মসূচি দিয়েছেন। পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলেও জানান তিনি ।
খালেদা জিয়া বলেন, ‘আজ আমাদের কালো পতাকা মিছিল ছিল। সমাবেশ করতে
ওয়া হয়নি। এ জন্য পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। এরপর সমাবেশের কর্মসূচি দেওয়া হবে।’
অবরোধ কর্মসূচি ডাকার পর রাত পৌনে নয়টায় খালেদা জিয়ার বরাত দিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পক্ষে দপ্তরের কর্মকর্তা আমিনুল ইসলাম মুঠোফোনে খুদে বার্তা দিয়ে জানান, মঙ্গলবার (আজ) থেকে সড়কপথ, রেলপথ, নৌপথ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। রুহুল কবির রিজভীকে গত শনিবার রাতে পুলিশ পাহারায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তাঁর ফোন নম্বরটি বন্ধ আছে।
শনিবার রাত থেকে ‘অবরুদ্ধ’ থাকার পর গতকাল সোমবার বিকেল পৌনে চারটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে গুলশানের নিজ কার্যালয়ের দোতলা থেকে নিচে নামেন খালেদা জিয়া। নিজের গাড়িতেও ওঠেন। গাড়ি প্রধান ফটকের সামনে এসে থেমে যায়। কার্যালয় থেকে বের হওয়ার প্রধান ফটকে বাইরে থেকে পুলিশ তালা দিয়ে রাখায় তিনি বের হতে পারেননি। কিছু সময় তিনি গাড়িতেই বসে থাকেন। তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা পুলিশকে তালা খুলে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু পুলিশ সে কথায় কান দেয়নি। উল্টো পুলিশ পেপার স্প্রে করলে কয়েকজন নেতা-কর্মী আহত হন। অনেকে গেটে ধাক্কাধাক্কি করেন। কিন্তু কোনো কাজ হয়নি। বিকেল চারটা ৩৭ মিনিটে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে আসেন। এরপর প্রায় ২৫ মিনিট বক্তব্য দিয়ে তিনি ৫টা ১০ মিনিটে আবারও কার্যালয়ের ভেতরে ঢুকে যান।

এ সময় খালেদা জিয়ার কার্যালয়ের মূল ফটকের বাইরে ছিল বিপুলসংখ্যক পুলিশ। একটি জলকামানও তাক করা ছিল কার্যালয়ের দিকে।

শনিবার থেকে অবরুদ্ধ থাকার বিষয়টি বরাবরই পুলিশ ও সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছিল। প্রধানমন্ত্রীও বলেছেন, বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয়নি। কিন্তু গতকাল দুপুরে খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। দুপুর ১২টার দিকে পুলিশ কার্যালয়ের বাইরের ফটকে তালা দিয়ে দেয়। এর পর থেকে কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। তা ছাড়া খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার দুই পাশের পথে ১১টি বালু, ইট ও মাটিভর্তি ট্রাক এবং তিনটি পিকআপ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, খালেদা জিয়া শনিবার রাতে নয়াপল্টন কার্যালয়ে যেতে চেয়েছিলেন। তাঁদের কাছে তথ্য ছিল, খালেদা জিয়া ৫ জানুয়ারির সমাবেশ সামনে রেখে আগে থেকেই নয়াপল্টন কার্যালয়ে অবস্থান নিতে পারেন। এ কারণে তাঁকে বের হতে দেওয়া হয়নি।

গুলশানের কার্যালয়ের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ও তালাবদ্ধ করে রাখে পুলিশ। সেখানে কোনো কর্মচারীকেও থাকতে দেওয়া হয়নি। দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে পুলিশি পাহারায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফাঁকা কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। কার্যালয়ের সামনে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সেখানে কোনো নেতা-কর্মীকেও দেখা যায়নি।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে বিএনপি। দিনটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও কালো পতাকা মিছিল করার কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে এ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। তারা গত রোববার বিকেল পাঁচটা থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। তবে বিএনপি এ নিষেধাজ্ঞা মানবে না বলে দলের চেয়ারপারসনের বরাত দিয়ে নেতারা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। কিন্তু সরকার সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটা কী? সরকার বলছে নিরাপত্তা দিয়েছে। এটা কী ধরনের নিরাপত্তা? কোনো দিন তো নিরাপত্তা দিল না। মাঝেমধ্যে আটকে রেখে এ কেমন নিরাপত্তা?’ খালেদা জিয়া বলেন, দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তারা কেবল তাঁকেই অবরুদ্ধ করে রেখেছে তা নয়। সারা দেশের মানুষকেই অবরুদ্ধ করে রেখেছে। সরকার বলছে তাঁকে অবরুদ্ধ করা হয়নি। তাহলে কেন তাঁকে বের হতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ে তালা দিয়ে কেন রাখা হচ্ছে। তিনি দাবি করেন, এত প্রতিবন্ধকতার মধ্যেও সারা দেশে বিএনপির ডাকে স্বতঃস্ফূর্ত কর্মসূচি পালিত হচ্ছে।

কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়া: গত শনিবার রাত নয়টার পর থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই রাত সাড়ে ১১টার দিকে তিনি ‘অসুস্থ’ রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশ তাঁকে বাধা দেয়। এর পর থেকে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন খালেদা জিয়া।

গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাসাটি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। কার্যালয়টি একটি দোতলা ভবন। খালেদা জিয়া বসেন দ্বিতীয় তলায়। রাতে দ্বিতীয় তলায় খালেদা জিয়ার বিশ্রাম নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা কর্মী খালেদা জিয়ার সঙ্গে আছেন। এ ছাড়া আছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান ও খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা কর্মীরা।

রোববার রাত থেকে পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত ১২টার দিকে কার্যালয়ের সামনের রাস্তায় চারটি ট্রাক আড়াআড়ি করে ওই রাস্তা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়। গতকাল সোমবার সকালে ট্রাকের সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ১১টিতে। এর সঙ্গে ছিল পুলিশের আরও তিনটি বড় ভ্যান। খালেদা জিয়ার কার্যালয়কে মধ্যখানে রেখে ৮৬ নম্বর সড়কের আধা কিলোমিটারের মতো রাস্তায় এই ১৪টি গাড়ি আড়াআড়ি করে রাখা হয়। ওই রাস্তায় সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

গতকাল সকালে খালেদা জিয়ার কার্যালয়ে সাংবাদিকদের ঢোকার সুযোগ থাকলেও একপর্যায়ে সবার প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। দুপুর ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি বের করার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখে কার্যালয়ের বাইরের মূল ফটক এবং পকেট গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। ফটকের সামনে ছয় সারিতে অবস্থান নেন পুলিশের সদস্যরা। এর দক্ষিণ পাশে সতর্ক অবস্থায় ছিলেন র‍্যাবের সদস্যরা। এ ছাড়া কার্যালয়ের উত্তর পাশে, সামনের রাস্তার প্রবেশমুখে এবং পেছনে লেকের পাড়েও ছিলেন পুলিশের সদস্যরা। বেলা আড়াইটার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের ভেতরে থাকা নেতা-কর্মী ও সাংবাদিকদের জন্য খাবার নিয়ে আসা হয়। কিন্তু মূল ফটক দিয়ে খাবার ঢোকাতে দেওয়া হয়নি। পরে পেছনের দিকের দ্বিতীয় গেটটির ওপর দিয়ে খাবার সরবরাহ করা হয়। বিকেলে কার্যালয়ের উত্তর পাশের সীমানাপ্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢোকেন কয়েকজন সাংবাদিক। একপর্যায়ে পুলিশ সাংবাদিকদের প্রাচীর ডিঙিয়ে ঢুকতে বাধা দেয়।

গত রোববারও বিপুলসংখ্যক পুলিশ খালেদা জিয়ার কার্যালয় ঘিরে রাখে। রোববার দুপুর ১২টার দিকে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যেতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। পরে সাংবাদিক ও আইনজীবীদের দুটি প্রতিনিধিদল গুলশান কার্যালয়ে যায়। বিএনপির অল্প কিছুসংখ্যক নেতা-কর্মী গুলশান কার্যালয়ের কাছে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

 এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে গুলশান কার্যালয়ের দুই পাশে রাখা ১১টি বালুর ট্রাক সরিয়ে নেওয়া শুরু হয়। খালেদা জিয়ার কার্যালয়ের ঢোকার প্রধান ফটকের পাশের ছোট গেটের তালাটি খুলে দেওয়া হয়। তবে গাড়ি বের করার বড় গেট তখনো তালাবদ্ধ ছিল। রাত ১০টার মধ্যে পর্যায়ক্রমে সব বালুর ট্রাক সরিয়ে নেওয়া হয়। কার্যালয়ের বাইরে পুলিশের ব্যবহৃত গাড়ির সংখ্যাও কমতে থাকে। তবে কার্যালয়ের দুই পাশে দুটি পুলিশ ভ্যান আড়াআড়িভাবে রাখা আছে। ট্রাক সরিয়ে নেওয়ার পর পুলিশের জলকামানও সরিয়ে নেওয়া হয়। রাত ১০টার দিকে সেখানে পুলিশের দুটি পিকআপ ও পুলিশবাহী দুটি গাড়ি দাঁড়ানো ছিল। এ ছাড়া খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা নিয়মিত পুলিশ ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের গাড়ি ছিল।