'অবরুদ্ধ' খালেদা জিয়ার সঙ্গে তিন আইনজীবীর সাক্ষাৎ
গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বুধবার রাতে দেখা করেছেন তিনজন আইনজীবী। তাঁরা হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী নিতাই রায় চৌধুরী ও আরশাদ জামান।
ওই কার্যালয় থেকে বেরিয়ে ফটকের সামনে এ জে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা সব আইনগত বিষয় নিয়ে কথা বলেছি।’ তবে কী কথা হয়েছে, সে সম্পর্কে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এ বিষয়ে কথা হয়েছে কি না, প্রশ্ন করলে এ জে মোহাম্মদ আলী কোনো জবাব দেননি।
খালেদা জিয়া ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন। অন্য দিনের মতো গতকালও ওই কার্যালয়ের সামনের রাস্তা আটকে দিয়ে দুই ফটকে পুলিশ পাহারা দিয়েছে।