'অবরুদ্ধ' খালেদাকে ঘেরাওয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ তুলে নিতে ‘অবরুদ্ধ’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা হয়েছে। গতকাল বৃহস্পতিবার একদল কথিত দিনমজুর ও বস্তিবাসী নারী-পুরুষ ঘেরাওয়ের জন্য বনানী এলাকা থেকে মিছিল নিয়ে গুলশান ২ নম্বর গোল চক্কর পর্যন্ত যান। কিন্তু পুলিশের বাধায় তাঁরা আর সামনে এগোতে পারেননি।
গুলশানের ৮৬ নম্বর সড়কে নিজ রাজনৈতিক কার্যালয়ে ১৩ দিন ধরে অবরুদ্ধ আছেন খালেদা জিয়া। অন্য দিনের মতো গতকালও ওই কার্যালয়ের সামনের রাস্তার এক পাশ জলকামান, আরেক পাশ প্রিজনভ্যান দিয়ে আটকে রাখে পুলিশ। ওই কার্যালয়ের দুই ফটকে নারী ও পুলিশ সদস্যরা পাহারায় আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টায় দিনমজুর শ্রমজীবী জনতার ব্যানারে শতাধিক লোকের একটি মিছিল গুলশান-২ নম্বর গোল চক্করে আসে। মিছিলকারীরা ‘ভাত দে, কাপড় দে, নইলে অবরোধ তুলে নে’, ‘খালেদা জিয়ার হরতাল-অবরোধ মানি না, মানি না’, ‘অবরোধকারীদের আস্তানা, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দিতে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যায়। এ সময় পুলিশ সারি বেঁধে রাস্তা আটকে দেয়। পরে তাঁরা ১০-১৫ মিনিট সেখানে বিক্ষোভ করে বনানীর দিকে চলে যান।
কর্মসূচির নেতৃত্বে ছিলেন বানানী কড়াইল বস্তি ইউনিটের বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক সেলিম ঢালী ও ভাটারার হিজড়া দলের নেত্রী মুন্নী। এর মধ্যে সেলিম ঢালী গুলশান গোল চক্করে বক্তব্যও দেন। কর্মসূচিতে আসা পুরুষদের প্রায় সবার পরনে ছিল লুঙ্গি, শার্ট। কারও পায়ে স্যান্ডেল, অনেকে খালি পায়ে ছিলেন। কারও কারও কাঁধে ছিল কোদাল। নারীদের পরনে ছিল সাদামাটা শাড়ি ও থ্রি-পিস।
ঘেরাওয়ে আসা লোকজনের ভাষ্য, তাঁরা কড়াইল বস্তির বাসিন্দা। এঁদের অনেকে ‘আওয়ামী লীগ করি’ বলে জানান। ঘেরাও কর্মসূচিতে আসা একজন নারী সাংবাদিকদের বলেন, ‘শান্তি ম্যাডাম আমাদের নিয়া আইছে। বলছে, মিটিংয়ে যাইতে হইব।’ আরেক নারী জানান, তিনি ভিক্ষা করেন। এখন তা করতে পারছেন না। তিনি বলেন, ‘খালেদা হরতাল-অবরোধ দিয়া, গাড়িগুড়ি ভাইঙ্গা, রেললাইন তুইল্ল্যা দেশে অশান্তি করছে। আমরা দেশে শান্তি চাই। হরতাল-অবরোধ চাই না।’
কোদাল কাঁধে আরশাদ আলী নামের একজন বলেন, ‘আষ্টো দিন ধইরা কামকাজ নাই। আমাগো এলাকার অনেকেই আইছে। আমিও তাগো লগে আইছি। বলছে, যত টাকা হাজিরা, তত টাকা দিবো।’