'অবরোধ নয়, পেট্রলবোমা চালানোর ঘোষণা খালেদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ নয়, পেট্রলবোমা সন্ত্রাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ সোমবার রাতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে রাতে গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবরোধ চলবে। তিনি দেশবাসীকে চলমান অবরোধ পালনের জন্য আহ্বানও জানিয়েছেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা আশা করেছিলাম সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহার করবেন। কিন্তু তিনি তা না করে সংবাদ সম্মেলনে অবরোধ নয়, পেট্রলবোমা সন্ত্রাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আশা করি, অবিলম্বে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মানুষ হত্যা বন্ধ করবেন। ’
‘সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়া বা বিএনপির অন্য নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? ’ একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘অবশ্যই। সঠিক সময়ে প্রতিটি ঘটনার বিচার হবে। এসব ঘটনার দায়ভার বিএনপি-জামায়াতের নেতৃত্বের ওপরই বর্তায়। ’

খালেদা জিয়াকে ভয় ও সন্ত্রাসের নেত্রী আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তাঁর ওপর মানুষ প্রচণ্ড বিক্ষুব্ধ। তিনি এখন আর রাজনৈতিক নেত্রী নন। তিনি ভয় ও সন্ত্রাসের নেত্রী। মধ্যযুগীয় বর্বরতার কারণে তিনি আজ ঘৃণিত। সন্দেহ হয়, তিনি মানসিকভাবে সুস্থ আছেন কি না? কারণ প্রতিটি সহিংস ঘটনার পর তিনি পুলকিত হচ্ছেন। ’
তাৎক্ষণিক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।