'অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র বিএনপি-জামায়াতের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের ভয়ে নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াত বিদেশি চক্রান্তকারীদের কাঁধে ভর করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি নেতা আসলাম চৌধুরী ছাড়া আর কারা ছিল মোসাদের সঙ্গে চক্রান্তে—তদন্ত রিপোর্ট প্রকাশ পেলেই সব তথ্য বেরিয়ে আসবে।’ 

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে দেওয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে কামরুল এসব কথা বলেন। ঢাকার কচুয়া উপজেলা সমিতি এই সংবর্ধনা সভার আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, লন্ডনে বসে কারা এই ষড়যন্ত্রে ইন্ধন দিয়েছে, তা চেপে রাখা যাবে না। বিএনপি–জামায়াতের সব চক্রান্ত মোকাবিলায় ঢাকা মহানগর আওয়ামী লীগকে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে যাচ্ছে। আমরা একটি বাসযোগ্য রাজধানী করতে নগরবাসীর সহায়তায় প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছি। চারদিকে পরিবর্তনের হাওয়া বইছে। কিন্তু ষড়যন্ত্রও থেমে নেই। হঠাৎ করে দেশে হত্যাকাণ্ড শুরু হয়েছে।’
সমিতির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শাহবাগ থানা সভাপতি জি এম আতিক, সাধারণ সম্পাদক আবদুল হামিদ খান, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশির প্রমুখ।