‘অবৈধ’ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে নামতে হবে।
গতকাল শুক্রবার দলীয় প্রস্তুতি সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মহান বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে পালনের জন্য ওই প্রস্তুতি সভা তাঁর কাজীর দেউড়ির বাসায় অনুষ্ঠিত হয়।
সভায় আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রাম হচ্ছে আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। অবৈধ আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। তাদেরকে সরাতে হবে।’
প্রস্তুতি সভায় ১৬ ডিসেম্বর বেলা তিনটায় অলংকার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এ এম নাজিমউদ্দিন, সাবেক কাউন্সিলর শামসুল আলম, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ প্রমুখ।