'অসহায়' প্রধানমন্ত্রীর প্রতি 'সহানুভূতিশীল' বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দুর্ভাগ্য, যাঁরা তাঁকে একসময় দল থেকে মাইনাস করতে চেয়েছিলেন, জেনেশুনে তাঁদের মন্ত্রিসভায় রাখতে হচ্ছে। শেখ মুজিব হত্যার অনুঘটক জাসদের গণবাহিনীর উপ-অধিনায়ক হাসানুল হক ইনুকেও মন্ত্রিসভায় রাখতে হয়। কতটা অসহায় হলে প্রধানমন্ত্রীকে তা করতে হচ্ছে। তাঁর প্রতি আমরা সহানুভূতিশীল।’

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপন এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে রিপন অভিযোগ করেন, সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। ‘জিসাস’ জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি করতে চাইলে পুলিশ প্যান্ডেল খুলে নিয়ে যায়। তাঁর দাবি, ৫০ জেলার ৪০০ উপজেলায় ব্যানার, পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দিয়েছে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনুর দিকে ইঙ্গিত করে রিপন বলেন, যে দলের সঙ্গে জনগণ নেই, অন্যের প্রতীক ছাড়া যারা নির্বাচনে জিততে পারে না, তাদের সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো। তবে কিছু কথার জবাব না দিলে ভুল বার্তা যাবে। তিনি বলেন, ইনুর মন্ত্রিত্ব যখন টলটলায়মান তখন তিনি আবার জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে বেশি করে বলতে শুরু করেছেন। ইনুর বোধ হয় ধারণা হয়েছে, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিষোদ্‌গার করলে প্রধানমন্ত্রী খুশি হবেন।

ইনুকে রাজনীতিতে নতুন কার্ড খেলার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনার পুরোনো কার্ড এখন আর চলছে না। মন্ত্রিত্ব ও হালুয়া-রুটির লোভে এখন যতই বঙ্গবন্ধুর জিকির করেন না কেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে পারবেন না।’