শেখ হাসিনাকে বিদায় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা কী তা তারা বুঝতে পেরেছে। এ জন্য অস্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ সরকার।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। শহরতলীর শাহআমানত সেতু-সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা সুকমল বড়ুয়া ও সঞ্জীব চৌধুরী, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মহসীন জিল্লুর করিম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক প্রমুখ।
আমীর খসরু আরও বলেন, আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ওঠায় এবং বিএনপির ভিশন-৩০ ঘোষণার পর আওয়ামী লীগের মধ্যে ভয় আরও বেশি ঢুকেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকমল বড়ুয়া বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়বাদী শক্তি আবার ক্ষমতায় আসবে।