'অস্বস্তিতে রয়েছে আ.লীগ সরকার'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা দেবে না। কারণ, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা কী তা তারা বুঝতে পেরেছে। এ জন্য অস্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ সরকার।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। শহরতলির শাহ আমানত সেতুসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুরচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। কারণ, কেউ অস্বস্তিতে থাকলে কিংবা ভয় পেলে কেবল অরুচিকর বক্তব্য দিয়ে থাকেন। তাঁরা এখন ভয়ের মধ্যে সময় কাটাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ওঠায় এবং বিএনপির ভিশন-৩০ ঘোষণার পর আওয়ামী লীগের মধ্যে ভয় আরও বেশি ঢুকেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা সুকমল বড়ুয়া ও সঞ্জীব চৌধুরী, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মহসীন জিল্লুর করিম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক প্রমুখ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিচার বিভাগে অবক্ষয় দূর করতে ও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে জ্ঞানী ও নিরপেক্ষ ব্যক্তিদের বিচারক করতে হবে। দলীয় লোককে বিচারক করলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকমল বড়ুয়া বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়বাদী শক্তি আবার ক্ষমতায় আসবে।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও মজবুত করার তাগিদ দেন।