'আ.লীগ আর ২০১৪ সালের মতো নির্বাচন করতে পারবে না'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আর ২০১৪ সালের মতো কোনো নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতে হবে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে পারস্পরিক দোষারোপ ও অন্য দলকে নিন্দা করা সাধারণ ঘটনা। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সব দেশেই বিরোধী পক্ষকে খাটো করার জন্য এই প্রচারণা আছে। কিন্তু আমাদের দেশে দুঃখজনকভাবে ব্যক্তিকে নিয়ে বলা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেভাবে আক্রমণ করে কথা বলেছেন, সেটা অনভিপ্রেত। এত বড় একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের পক্ষে এটা খুব মানানসই নয়।’
প্রসঙ্গত, সম্প্রতি এক মতবিনিময়ে বিএনপির চেয়ারপারসন যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন কি না—এমন সন্দেহ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ফেসবুকে দেখছি, টুইটারে দেখছি তাঁর (বিষয়ে) স্ট্যাটাস। এত বেশি সময়ের জন্য একটি বড় দলের চেয়ারপারসন বিদেশে যাচ্ছেন। এখন জনশ্রুতি হচ্ছে, তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন? তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না? মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে, জনগণের মধ্যে এই গুঞ্জনটা শাখা-প্রশাখা বিস্তার করছে।’
মির্জা ফখরুল এ বিষয়ে আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আদর্শ, নীতি, কর্মকাণ্ডের ব্যাপারে বিরোধী দল; বিরোধী দলের ব্যাপারে সরকারি দল কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু তা সব সময় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ সে কাজটা করে না। তারা আক্রমণাত্মকভাবে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে।’
বিএনপির চেয়ারপারসনের লন্ডন সফর সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার দেশের বাইরে চলে যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। এটার ইতিহাস ভিন্ন কথা বলে। ইতিহাস বলে আওয়ামী লীগের সভানেত্রী এক–এগারোর পরে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এসব বক্তব্য অন্তঃসারশূন্য। এসব বক্তব্য কোনো রাজনৈতিক দলের শিষ্টাচারের মধ্যে পড়ে না।’
নির্বাচনের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচন করতে চায়। আমরা বারবার বলেছি, বিএনপি একটি নির্বাচনমুখী দল। অতীতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু সে নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে।’ তাঁর অভিযোগ, আওয়ামী লীগ হেলিকপ্টারে করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবে। আর বিএনপির নেতা-কর্মীরা আদালতের বারান্দা ও জেলখানার ভেতরে থাকবে—এটা তো সমান সুযোগ হলো না।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ চায় নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আওয়ামী লীগ আর ২০১৪ সালের মতো কোনো নির্বাচন করতে পারবে না। এবার তাদের নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতেই হবে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘খবরের কাগজ খুললেই দেখবেন আওয়ামী লীগ নিজেদের খুন করছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিজেরা নিজেরা মারামারি করছে। এটাই হয়। ক্ষমতায় যদি জবাবদিহি না থাকে, তখন লুট নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন তারা পরস্পর পরস্পরকে আক্রমণ করে হত্যা করে।’