'আ.লীগ বিরোধী দলে গেলে মানুষ খুন করবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেলে দেশের সম্পদ ধ্বংস এবং মানুষ ‘খুন’ করবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আজ শুক্রবার দুপুরে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের পাশে বুড়িখোড়া নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা কখনো বিরোধী দলে গেলে দেশের সম্পদ ধ্বংস করব না। মানুষ, পুলিশ খুন করব না। সরকারের গঠনমূলক সমালোচনা করব। সরকারের ভুলগুলো ধরিয়ে দেব। তাতে দেশ এগিয়ে যাবে। ’
এ সময় হরতাল-অবরোধের নামে সম্পদ ধ্বংস, মানুষ হত্যার সমালোচনা করে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষকে হত্যা করে কী লাভ হচ্ছে আপনাদের? অবরোধের নামে দেশের সম্পদ ধ্বংস আর মানুষ হত্যা আপনাদের কোন রাজনীতি? ’
মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের নিয়মে একদল ক্ষমতায় থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে। রাজনীতিতে সমালোচনা থাকবে, যৌক্তিক বিরোধিতা থাকবে। আমরা সরকারে আছি, অন্য দল আমাদের সমালোচনা করুক। সরকারের কাজের ভুলগুলো ধরিয়ে দিক। তাতে দেশ এগিয়ে যাবে, মানুষ শান্তিতে থাকবে। কিন্তু ক্ষমতায় থাকতে না পেরে আপনারা হরতাল-অবরোধ ডেকে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন, দেশের সম্পদ ধ্বংস করছেন, মানুষ হত্যা করছেন। আমরাও বিরোধী দলে ছিলাম। মানুষ, পুলিশ মারি নাই। দেশের সম্পদ ধ্বংস করি নাই। বরং আপনারা সে সময় ক্ষমতায় থেকে আমাদের নেতা-কর্মী হত্যা করেছেন। ’
সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে আসাদুজ্জামান নূর বলেন, আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ছয় বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের কর্মসংস্থান বেড়েছে, আয় বেড়েছে। সেই সঙ্গে দেশের প্রবৃদ্ধি বেড়েছে। সাধারণ মানুষ বিভিন্ন উৎপাদনমূলক কাজে বিদ্যুৎ ব্যবহার করছে। সারের সমস্যা নেই, কৃষিতেও বেড়েছে উৎপাদন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দীন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চারজন নেতা-কর্মী হত্যার ঘটনা ঘটে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে আজ সেই বাজারের পাশে বুড়িখোড়া নদীর ওপর এলজিইডির অধীনে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ ওই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী। সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১০-২০১১ অর্থবছরে। সেতুটি নির্মাণের ফলে ওই এলাকার ২০ হাজার মানুষের দীর্ঘ ৬৫ বছরের দাবি পূরণ হলো।