
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংসদ, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ যে খেলা দেখিয়েছে, দেশের মানুষ তা হজম করবে না। এটি হজম হওয়ার জিনিস নয়।’
রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে চট্টগ্রামে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। জিইসি এলাকার একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের পথ দেখিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েমের প্রক্রিয়া শুরু হয়েছে। একই আইন একজনের জন্য এক রকম, অন্যজনের জন্য আরেক রকম। এক-এগারোর সময় করা শেখ হাসিনার দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। তাঁর বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে।
আমীর খসরু অভিযোগ করেন, সরকার একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের মাঝে ভীতিসঞ্চার করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। এতে বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে, ভীত হয়েছে—এটি সত্যি। তবে এ অবস্থা থেকে বের হয়ে এসে দেশকে মুক্ত করা হবে। সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান তিনি।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান নেতা-কর্মীদের সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন ও মানুষের জীবনের নিরাপত্তা নেই। সরকার জঙ্গি দমনের নামে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে। খুন, গুম ও মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না।
ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।