আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই আমরা নেতা নয়, কর্মী চাই।’
গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘নেতাতে ভরে যাচ্ছে আওয়ামী লীগ। সিকি নেতা, পাতি নেতা, পয়সা নেতাসহ নানা নেতায় আওয়ামী লীগ এখন ভরপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেতার কোনো দাম নেই। তাঁর কাছে জনগণের মূল্য বেশি। কেননা আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।’ তিনি বলেন, ‘কোকিল বসন্তেই আসে। আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তাই অনেক বসন্তের কোকিল আওয়ামী লীগে ভিড়েছে। ক্ষমতা না থাকলে ওরা আবার পালাবে।’
সমাবেশের বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘চক্রান্ত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল পাকিস্তানের দোসররা। বিএনপি-জামায়াতের এই চক্রটি এখনো তৎপর। তারা বহির্বিশ্বে বাংলাদেশ ও এই দেশের জনগণ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। পদ্মা সেতুর ষড়যন্ত্রও তাদের চক্রান্তের অংশ।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। সমাবেশে বক্তব্য দেন দলের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক ও আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।