'আ.লীগে হাইব্রিড নেতার প্রয়োজন নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি-জামায়াত থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করা নেতাদের প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে হাইব্রিড নেতার দরকার নাই। তারা এসে অপকর্ম করে আবার চলে যাবে। দেশের কোথায় কোথায় হাইব্রিড নেতা নেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের কয়েকটি স্থানে হত্যা মামলার আসামিসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সম্প্রতি আওয়ামী লীগে যোগদানের খবর পাওয়া গেছে। এ নিয়ে এই প্রথম কোনো অনুষ্ঠানে সরকারের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী কথা বললেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের আরও বলেন, ‘স্থানীয়ভাবে তাদের সংগঠনে নেওয়া হলেও চূড়ান্ত অনুমোদন ঢাকা থেকে শেখ হাসিনার কাছ থেকেই নিতে হবে।’ তিনি বিশ্বাস করেন, শেখ হাসিনা তাদের দলে নেওয়ার চূড়ান্ত অনুমোদন দেবেন না।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে জাসদ ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার বিতর্কের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ওই বিষয়টি আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াকিবহাল আছেন। এ নিয়ে দলীয় ফোরামেই আলোচনা হবে।’
আজ বৃহস্পতিবার ঢাকা-রাজশাহী মহাসড়ক ধরে মন্ত্রী রাজশাহী আসেন। মন্ত্রী বলেন, ‘সারা দেশের ২২টি মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ করা হয়েছে। বৃষ্টিতে অনেক মহাসড়কের ক্ষতি হয়ে গেছে। তা সরেজমিন দেখার জন্য সড়ক পথে এসেছি।’ সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সড়ক চার লেন, ছয় লেন করে লাভ নেই। প্রয়োজন মানুষকে সচেতন করা। থ্রি-হুইলার, অটোরিকশা চলাচল বন্ধ করার পর অনেকেই বলেছেন গরিবের পেটে লাথি দেওয়া হলো। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব গরিব যদি মরে যায়, তবে তাদের পেট কোথায় থাকবে? আগে মানুষকে বেঁচে থাকতে হবে। তারপর পেটের চিন্তা করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়কটি বর্তমানে ২০ ফিট চওড়া। এই সড়কটিকে ৩০ ফিট চওড়া করা হবে। তবে শুধু সড়ক চওড়া করলেই হবে না। মানুষকে সচেতন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। সড়কে হেলমেট পরেই বাইক চালাতে হবে। এ জন্য মানুষকে সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে।
মতবিনিময়কালে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।