'আইপিইউ নিয়ে প্রশ্ন তোলা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির প্রশ্ন তোলাকে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন—বাংলাদেশে নির্বাচিত সংসদ নেই, তাহলে কেন এখানে এ সম্মেলন হচ্ছে? এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এ সম্মেলন বাংলাদেশ সরকার বা জাতীয় সংসদের সিদ্ধান্তে হচ্ছে না। এটি আইপিইউর কাউন্সিলে সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে। লজ্জার বিষয় যে এই সম্মেলন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে; আপত্তি জানিয়েছে। তারা যে গণতন্ত্রকে হত্যা করতে চায়, গণতন্ত্রের অন্তরায়; এটি তার সর্বশেষ বহিঃপ্রকাশ। তারা গণতন্ত্র চায় না, সেটা নগ্নভাবে প্রকাশ পেয়েছে।’

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে গৃহীত না হলে ঢাকায় এই সম্মেলন হতো না। বিএনপির এই বক্তব্য শুধু দেশবিরোধী নয়, গণতন্ত্রবিরোধী। আইপিইউ ও অংশগ্রহণকারীদের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিদেশের কাছে বাংলাদেশের সম্মানহানি করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, মারুফা আক্তার পপি, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।