চট্টগ্রামে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দাবি করেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে ছিলেন না। তাঁরা ওপার বাংলায় আরাম-আয়েশে ছিলেন। তারেক রহমান সত্য কথা বলায় আওয়ামী লীগের আঁতে ঘা লেগেছে।’
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে ছাত্রদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ নেতারা তারেক রহমানের যুক্তি খণ্ডন না করে অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলা দিয়ে তাঁকে ঘায়েল করতে চান। তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সহসভাপতি মাঈনুদ্দীন মুহাম্মদ শহীদ প্রমুখ।