'আওয়ামী লীগ ক্ষমতায় আসবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

‘আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় স্থানীয় কয়েকজন নেতার আশঙ্কার জবাবে দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ বুধবার দুপুরে জোরালো কণ্ঠে এ বক্তব্য দেন।

চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আমাদের কয়েকজন নেতা শঙ্কা প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কি না। তাহলে কি অশুভ শক্তি জামায়াত-বিএনপি ক্ষমতায় আসবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে জামায়াত-বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করবে।’

হানিফ আরও বলেন, ‘আমি বুঝতে পারি না, কেন আপনারা এ ধরনের শঙ্কা করছেন? অশুভ শক্তি বিএনপি-জামায়াত রাষ্ট্রক্ষমতায় থেকে কী করেছে, জানেন না? বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে একটি দেশের আদালত রায় দিয়েছে। এরা ৯৩ দিন হরতাল-অবরোধ করে মানুষ পুড়িয়ে মেরেছে। মানুষ কেন এই দলকে ক্ষমতায় আনবে?’ 

আওয়ামী লীগের এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় দুই সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দুই সহসভাপতি খোরশেদ আলম ও আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী।
বর্ধিত সভায় নগরের দুই সাংসদ আফসারুল আমীন এবং এম এ লতিফ উপস্থিত ছিলেন না। নগর আওয়ামী লীগ ছাড়া ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেরা এতে অংশ নেন।
সভায় হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগে কিছু সুবিধাবাদী লোকের অনুপ্রবেশ ঘটেছে। দুবার ক্ষমতায় থাকায় সুবিধাবাদীরা দলে ভিড়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন তাদের দেখা যায়নি। ক্ষমতায় না থাকলে তাদের আর দেখা যাবে না। তাই এসব সুবিধাবাদীদের কাছ থেকে দূরে থাকতে হবে। যদিও আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। কিন্তু সুবিধাবাদী নয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনতে হবে।
হাছান মাহমুদ আরও বলেন, দলের অধীনে নেতা, নেতার অধীনে দল নয়। কেউ আওয়ামী লীগকে করায়ত্ত করতে চাইলে তাদের বের করে দিতে হবে। নিজেরা নিজেদের গিবত (সমালোচনা) বন্ধ করুন। জনগণের কাছে যান, ভোট চান। এই আওয়ামী লীগ দেশের অনেক উন্নয়ন করেছে। গাছের পাতা থেকে মাটি—সবারই আওয়ামী লীগের পক্ষে কথা বলা উচিত। কারণ, শেখ হাসিনা দেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তা অতীতে কেউ করতে পারেনি।
এনামুল হক বলেন, ‘আগামী নির্বাচনেও মহাজোট থাকবে। কিন্তু ঐক্যের স্বার্থে আমাদের ছাড় দিতে হবে। যদিও আমাদের অনেক ত্যাগী ও যোগ্য নেতা আছেন। ক্ষমতা ধরে রাখতে হলে ঐক্যের বিকল্প নেই।’
মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘নিজেদের মধ্যে আলোচনা ও সমালোচনা হতেই পারে। সংগঠনের স্বার্থে তা করা যায়। কিন্তু আমাদের ভেতরের কথা কেন গণমাধ্যমে প্রকাশ করা হবে? সবার উচিত সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলা। মাঠ গরম করতে চাইলে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলুন। তাদের অপকর্ম মানুষের সামনে তুলে ধরুন।’
আমিনুল ইসলাম বলেন, ‘দেশে এত উন্নয়ন, তবু কেন ভোট চাইতে হবে? কারণ, আমাদের আচরণে কিছু ত্রুটি ছিল। সবকিছু শুধরে নিয়ে মানুষের কাছে যেতে হবে। দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাইতে হবে।’
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দলের কারও নাম উচ্চারণ না করে বলেন, ‘২০১৩ সাল কিংবা এক-এগারোর সময় কে কী করেছেন, সব জানা আছে। দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে লাভ নেই। দুঃসময়ে ছিলেন না, ভবিষ্যতেও কি তাঁদের পাওয়া যাবে? কিন্তু আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সবাইকে সমান সুযোগ দিচ্ছি। কাউকে এক চুল পরিমাণ বাড়তি সুযোগ দেওয়া হয়নি।’
খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে দেশে গৃহযুদ্ধ বাধবে। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সব জায়গায় হামলা করেছে। ওই পরিস্থিতির মুখোমুখি যেন হতে না হয়, সে জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
কেন্দ্রের সমালোচনা করে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগ বিগত কার্যকরী কমিটির সভায় ছয় ওয়ার্ডের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু কেন্দ্রের একজন বললেন, ওই কমিটিগুলো কাজ করতে পারবে। তাহলে নগর আওয়ামী লীগের কাজ কী? ওয়ার্ডের ব্যাপারে কি নগর কমিটি সিদ্ধান্ত নিতে পারবে না?