'আওয়ামী লীগ ভিক্ষা নেয় না'
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ভিক্ষুকের জাতিতে পরিণত হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের পথে থাকে। বিএনপি ক্ষমতায় থাকতে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা নিতে পছন্দ করে। আওয়ামী লীগ কারও কাছ থেকে ভিক্ষা নেয় না বরং দেয়।
আজ শনিবার বিকেলে ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ এখন অনেক দেশকেই সাহায্য করে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
বোয়ালমারীর চাঁদপুর ইউনিয়ন ফরিদপুর সদরের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ায় এ সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় চাঁদপুর ধোপাডাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুন্নাহার মহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, টেকনো মিডিয়া বাংলাদেশের স্বত্বাধিকারী যশোদা জীবন দেবনাথ প্রমুখ।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বরের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। বিএনপিকে ভোট দেওয়ার মতো আর ভুল করা যাবে না। বিএনপিকে ক্ষমতায় আনলে দেশ পিছিয়ে পড়বে।