
আগামী দিনে ক্ষমতা আর ধরে রাখতে পারবে না জেনে আওয়ামী লীগ মরণ কামড় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সারা দেশে আওয়ামী লীগ জুলুম-নির্যাতনের মাধ্যমে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তাতে নিজেদের রাজনৈতিক কবর নিজেরা তৈরি করেছে।
রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মীর মোহাম্মদ নাছির উদ্দিন গতকাল সোমবার বিকেলে এই মন্তব্য করেন। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সংগঠনের নেতা-কর্মীরা কাজীর দেউড়ি মোড়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম। সমাবেশে আরও বক্তৃতা করেন চাকসুর সাবে ভিপি নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ইউনুছ চৌধুরী, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম প্রমুখ।
সমাবেশে মীর মোহাম্মদ নাছির উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগের একতরফা নির্বাচন করার খায়েশ এ দেশের জনগণ আর পূরণ হতে দেবে না। খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপি আওয়ামী লীগের একতরফা নির্বাচন ঠেকাবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার পরিণাম ভালো হবে না।
প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, ক্ষমতার মোহে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। বাকশালের মন্ত্রে দীক্ষিত আওয়ামী লীগ স্বৈরাচারের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে। মহাসচিব পর্যায়ে হামলা করে আওয়ামী লীগ তাদের পুরোনো রূপে ফিরে গেছে। দেশের মানুষের নিরাপত্তা বলতে আর কিছুই বাকি রইল না।
প্রসঙ্গত, গত রোববার সকালে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চারজন আহত হয়েছিলেন। বিএনপি এই সন্ত্রাসী হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।