আওয়ামী লীগ থেকে সতর্ক থাকতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে সাপ। সাপ যেন দংশন করতে না পারে, সে জন্য সতর্ক থাকবেন।’
গতকাল সোমবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। রাত নয়টা থেকে প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা ক্ষমতাসীন দলের লোকদের হাতে বিভিন্ন স্থানে তাঁদের সহায়সম্পদ জবরদখলের অভিযোগ করেন।
এর জবাবে আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ লোক দেখানোর জন্য বলে তারা ধর্মনিরপেক্ষ। তারা মুখে সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু ভেতরে ভেতরে নির্যাতন করে। তাদের হাত থেকে কোনো ধর্মের লোক রেহাই পায়নি।
খালেদা জিয়ার আগে বক্তব্য দেন বর্তমান সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিব বিজন নন্দী সরকার। তিনি অভিযোগ করেন, বিএনপির সময়ে জেলা প্রশাসক হয়েছিলেন, এ কারণে তাঁকে প্রথমে ওএসডি, পরে অবসরে পাঠানো হয়। তিনি বলেন, আওয়ামী লীগ ওপরের দিকে কিছু পদে সংখ্যালঘুদের বসিয়ে, সারা দেশে দখল-নির্যাতন ঢাকা দেওয়ার চেষ্টা করছে। পরে তাঁর বক্তব্য সমর্থন করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তারা উপরে উপরে পদ দিয়ে সাজিয়ে রেখেছে। অত্যাচার-নির্যাতন হলেও আপনাদের জন্য কিছু করার ক্ষমতা তাদের নেই।’
এর আগে ছাত্রদলের সাবেক দুই নেতা বলেন, পরিবারের অবাধ্য হয়ে তাঁরা ছাত্রদল করেছেন। এ জন্য অনেকের পড়ালেখার খরচও বন্ধ করে দেওয়া হয়েছিল। এত কষ্ট করে দল করার পরও হিন্দু বলে তাঁরা উপযুক্ত মূল্যায়ন পান না। এর জবাবে খালেদা জিয়া বলেন, ‘আপনাদের পরিবারকে বোঝান, আমাদের দলে মুসলমান বেশি থাকতে পারে, কিন্তু বিএনপি সাম্প্রদায়িক দল না। তাঁদের বোঝান, কেবল নৌকা নৌকা, আওয়ামী হলে চলবে না।’ এ সময় পাশে বসা গয়েশ্বর চন্দ্র রায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁকে বিশ্বাস না করলে আমরা বিএনপির স্থায়ী কমিটিতে রাখতাম না। আমি যখন থেকে রাজনীতি করি, তখন থেকে তাঁকে দেখে এসেছি।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের দুপক্ষেরই কিছু ঘাটতি আছে। আমাদের মন থেকে বিশ্বাস-অবিশ্বাসটা তুলে ফেলতে হবে। এ ক্ষেত্রে বিশ্বাসটা আপনাদের কাছ থেকেই আসতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু প্রমুখ বক্তব্য দেন।