'আওয়ামী লীগের মধ্যে ছদ্মবেশে জামায়াত'
আওয়ামী লীগের মধ্যে জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক লোকজন ছদ্মবেশে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জেগে ওঠো বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আবুল মোমেন। লিখিত বক্তব্যে সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচার নিশ্চিত করা, ক্ষমতাসীন দলে জামায়াতসহ ধর্মান্ধ ব্যক্তিদের অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক থাকা এবং দলীয় লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়াসহ ১০ দফা দাবি জানানো হয়। আবুল মোমেন আরও বলেন, বারবার সাম্প্রদায়িক হামলার কারণে দেশকে সংখ্যালঘুরা নিরাপদ মনে করতে পারছে না। ১৯৭১ সালে যে সংখ্যাটি ছিল মোট জনসংখ্যার ২৩ ভাগ, তা আজ কমে ৯ ভাগে দাঁড়িয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের একাধিক কর্তাব্যক্তির দায়িত্বে অবহেলা এবং ক্ষমতাসীন দলের একাধিক নেতার উসকানি ছিল। নাসিরনগরের ঘটনার জের ধরে আরও কয়েকটি এলাকায় মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাইবান্ধায় সংখ্যালঘু সাঁওতালদের গ্রামে হামলায় দুজন নাগরিক নিহত হয়েছে।
সংবাদ সম্মেলনে শহীদজায়া মুশতারী শফী বলেন, আওয়ামী লীগের মধ্যে জামায়াত-শিবির ঘাপটি মেরে থেকে এসব হামলা চালাচ্ছে। স্বাধীনতার পর থেকে এ দেশের সংখ্যালঘুরা নির্যাতিত। ৪৫ বছরে এসব হামলার ঘটনারও দ্রুত বিচার করা উচিত।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, ‘বর্তমান সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছে। এই বিচারের প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন আছে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাও একই ধরনের মানবতাবিরোধী অপরাধ। সেই অপরাধের বিচারও আমরা ট্রাইব্যুনাল গঠন করে করার দাবি জানাচ্ছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মইনুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক হামলার অপতৎপরতার সঙ্গে বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদীদের মদদ গোপন করা উচিত নয়। নাসিরনগরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে খারাপ ধরনের বিভাজনের রাজনীতি আছে। অন্যদিকে, সরকারেরও আপসকামী মনোভাব আছে। মন্ত্রী যে অশোভন মন্তব্য করেছেন, তার জন্য মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে আরও রয়েছে জঙ্গিবাদের মতো সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি নেওয়া, ধর্মনিরপেক্ষ বিজ্ঞানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, প্রকাশ্যে সভা-সমিতিতে ধর্মীয় কটাক্ষমূলক বক্তব্য নিষিদ্ধ করা, বাংলাদেশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু কমিশন গঠন করা এবং সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচার নিশ্চিত করা।