‘আগে চেয়ারম্যানের ভোট আইলে কত্ত আনন্দ করতাম। পারথীগো (প্রার্থীদের) সাথে পারথীগো কী মিল (সমমর্মিতা) আছিল! এহন এক পারথী আরেক পারথীরে সহ্য করা দূরের কথা, কোনো পারথীর পক্ষে কাজ করলেই আরেক পারথী হুমকি দেয়। আগে মার্কার (দলীয় প্রতীক) নির্বাচন আছিল না; ভয়ও আছিল না।’
কথাগুলো মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বারইল গ্রামের বৃদ্ধ জগদীশ চন্দ্র দাসের (৮০)। গত বৃহস্পতিবার সরেজমিনে কথা হয় তাঁর সঙ্গে। এদিন সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তত ৩০ জন ভোটারের সঙ্গে কথা বলে প্রায় একই রকম উৎকণ্ঠার কথা জানা যায়। কেবল ভোটাররা নন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত। আছে পুলিশি হয়রানির অভিযোগও।
নবগ্রাম ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রাকিব হোসেন ফরহাদ বলেন, তাঁর কর্মীদের পুলিশ হুমকি-ধমকি দিচ্ছে। বৃহস্পতিবার রাতেই তাঁর কর্মী আবুল বাশারকে আটক করে স্থানীয় গিলন্ড ফাঁড়ির পুলিশ। গতকাল শুক্রবার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবদুল আজিজ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের হুমকি দিচ্ছেন।
তবে এসআই আবদুল আজিজ বলেন, ওই ব্যক্তির (বাশার) বিরুদ্ধে থানায় নাশকতার মামলা ছিল। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। নৌকা প্রতীকে ভোট চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১০টি ইউপির ৮টিতে ২৮ মে ভোট হবে। এর মধ্যে দিঘি ও বেতিলা-মিতরায় আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র মিলিয়ে ২৬ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীদের প্রচারণায় বাধা ও হুমকি-ধমকির অভিযোগ রয়েছে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, পুটাইল ইউপিতে বিএনপির প্রার্থী সোয়েব আহমেদ গোস্তা বাজার এলাকায় প্রচারণা চালাচ্ছেন। পরে মুঠোফোনে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের না যেতে হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোটাররাও আতঙ্কে আছেন।’ সোয়েব আহমেদ আরও বলেন, ‘আমার একটাই চিন্তা, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা। সেটা হলেই আমি বিপুল ভোটে পাস করব।’
তবে পুটাইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, প্রার্থীদের কেউ কেউ মৌখিকভাবে অভিযোগ করছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলা ও পুলিশ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।