'আট দফা না মানলে এক দফার আন্দোলন'
আগামী বৃহস্পতিবারের মধ্যে আট দফা দাবি মেনে না নিলে চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে এক দফা আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছে উভয় কলেজের ছাত্রলীগ। সোমবার দুই কলেজের সামনে যৌথ মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতারা এই ঘোষণা দেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনসহ আট দফা দাবিতে শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় সোমবার এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ওই দুই কলেজের ছাত্রলীগের নেতারা ছাড়াও নগর ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।
মানববন্ধনে ছাত্রলীগের নেতারা বক্তব্যে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত দুই কলেজের প্রশাসনকে সময় দেওয়া হবে। এর মধ্যেই আট দফা দাবি মেনে নিতে হবে। না হলে ১২টার পরেই সংবাদ সম্মেলন করে দুই কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে এক দফা আন্দোলনে যাব আমরা।
ছাত্রলীগের আট দফা দাবির মধ্যে আছে, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মূল ফটক ছাড়া বাকি ১৬টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া, দুই কলেজ ক্যাম্পাসের ভেতরে সব ধরনের আবাসিক স্থাপনা বন্ধ করে দেওয়া প্রভৃতি।