'আনন্দ ভ্রমণে' খালেদার রোহিঙ্গা ক্যাম্প যাত্রা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাত্রাকে ‘আনন্দ ভ্রমণ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘রোহিঙ্গাদের সহায়তার নামে জন-দুর্ভোগ সৃষ্টিকারী খালেদা জিয়ার মিথ্যাচারের প্রতিবাদে'’ মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, খালেদা জিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে বিএনপির নারীরা হলুদ শাড়ি পরে ফুলের পাপড়ি ছিটিয়ে, হাতিকে সাজিয়ে, বাদ্য যন্ত্র বাজিয়ে স্বাগত জানিয়েছে। তিনি যেন কোনো বিয়ের গায়েহলুদে গিয়েছেন। বিদেশি নায়ক-নায়িকারা যেভাবে পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনে পোজ দেয় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও রোহিঙ্গা শিশুকে কোলে নিয়ে একই রকম ভাবে পোজ দিয়েছেন।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। রোহিঙ্গাদের দুর্দশা দেখে তাদের বুকে টেনে নিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। রোহিঙ্গাদের দুঃখ দেখে চোখে অশ্রু এসেছিল, আশে পাশে যারা ছিলেন তাদের চোখ মুখ বিষণ্নতায় ভরা ছিল। কিন্তু বিএনপি নেত্রী হাসি মুখে রোহিঙ্গা শিশুকে কোলে নিয়ে পোজ দিয়েছেন। তার পেছনে থাকা নারী নেত্রীরাও হেসেছেন। তিনিও হেসেছেন। যেমনটা করে থাকে বিদেশি নায়ক-নায়িকারা কোন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে এসে। তার (খালেদা জিয়া) মধ্যে কোনো আবেগ কিংবা শোকাচ্ছন্নতা নাই।
আওয়ামী লীগ নেতা বলেন, খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বলেছেন যেসব রোহিঙ্গারা কাজ করতে চায় আমরা নাকি তাদের কাজ করতে দিচ্ছে না। খালেদা জিয়া কি চান রোহিঙ্গারা বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে যাক। তিনি সেখানে তার বক্তব্যের মাধ্যমে উসকানি দিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া সরকারি সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বলেলেন সরকার নাকি রোহিঙ্গাদের জন্য কিছুই করে নাই। তাহলে রোহিঙ্গাদের কে খাওয়াচ্ছে? কে এত ঘর বানিয়ে দিয়েছে? কে তাদের চিকিৎসা করাচ্ছে? যাদের জন্মতারিখ এবং সবকিছুতেই মিথ্যা তারা মিথ্যাচার ছাড়া আর কি বলতে পারে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানেরা মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করছে আর বেগম খালেদা জিয়া প্রশংসা করতে পারছেন না এটি তার রাজনৈতিক হিনমন্যতার বহিঃপ্রকাশ।
আয়োজক সংগঠনের সহসভাপতি, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাকের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি ফয়েজ উদ্দিন ভূইয়া, চিত্র নায়িকা দিলারা ইয়াসমিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।