বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বরাত দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘আন্দোলন থেকে ফেরার সুযোগ নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
রাজধানীর গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে গতকাল শনিবার রাতে দেখা করেন এম কে আনোয়ার। ফিরে এসে ওই কার্যালয়ের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খালেদা জিয়া ওই কার্যালয়ে ‘অবরুদ্ধ’ রয়েছেন।
এম কে আনোয়ার বলেন, ১৫ দিন ধরে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়েছিল। তবে তিনি এখন সুস্থ। তাঁর মনোবল আরও বেশি দৃঢ়। সরকার চলমান আন্দোলন দমানোর জন্য নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) প্রতিনিধিদলকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। সন্ধ্যায় অ্যাবের প্রতিনিধিদলটি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা সেখান থেকে ফিরে যায়।
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে গতকালও পুলিশ মোতায়েন ছিল। কার্যালয়ের ফটকের এক পাশে দুটি পুলিশ ভ্যান ও অন্য পাশে একটি জলকামান দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।