'আবেগী প্রার্থী' দেবে না আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কোনো ‘আবেগী প্রার্থী’ মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনার সময় এ কথা জানান।

বৈঠকে ছিল এমন একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে কোনো আবেগী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না। রাজনীতি রাজনীতিই। এখানে আবেগের জায়গা হওয়া উচিত না। মানুষ ভোট দেবে যোগ্য প্রার্থীকে। যোগ্য প্রার্থী বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর থেকেই এখানে সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে অন্যদের সঙ্গে প্রয়াত আনিসুল হকের স্ত্রী ও ছেলের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার করা হয়েছে। যদিও আনিসুল হকের পরিবারের সদস্যদের সম্ভাব্য প্রার্থী বানিয়ে এখনই প্রচার না চালানোর অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী রুবানা হক। এই অবস্থায় ‘আবেগী প্রার্থী’ বলতে আনিসুল হকের পরিবারের কাউকে বোঝানো হয়েছে কি না, সেটা মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকা একাধিক মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে, তাঁরা তা পরিষ্কার করে বলেননি।

দলীয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ঠিক করার বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। মনোনয়ন বোর্ডেরও বৈঠক ডাকা হয়নি। বিষয়টি নিয়ে শিগগির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হবে বলে দলের নেতারা জানিয়েছেন।

এর মধ্যে কয়েক দিন ধরে দলের নেতাদের মধ্যে ব্যক্তি পর্যায়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার মূল প্রতিপাদ্য হলো, দলীয় পদধারী কাউকে মনোনয়ন দেওয়া হবে, নাকি প্রয়াত আনিসুল হকের মতো সরাসরি রাজনীতিতে যুক্ত নন এমন কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

এ বিষয়ে গত বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। তিনি বলেন, জয়ী হতে পারবেন, এমন কয়েকজনকে নিয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে যাঁরা বিশ্বাসী, সে রকম প্রার্থীও আমরা দিতে পারি। আওয়ামী লীগের সমর্থক কিন্তু আওয়ামী লীগের নেতা নন, এমন প্রার্থীদের নিয়েও ভাবনাচিন্তা করছি।’

আনিসুল হকের পরিবার থেকে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার পরিকল্পনা আছে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবারের লোকজন শোকের মধ্যে আছে। সবাইকে অনুরোধ করব এ প্রসঙ্গ থেকে আপাতত দূরে থাকার। তাঁর পরিবারের মধ্যে কেউ প্রার্থী হবেন কি না, সেই সময় আসুক।’

 ২০১৫ সালে ডিএনসিসি নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। এবার মেয়রের পদ শূন্য ঘোষণার পর আগ্রহী ব্যক্তিদের কেউ কেউ তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছেও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। এই আগ্রহী ব্যক্তিদের মধ্যে চলচ্চিত্র তারকা, রাজনীতিক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধিরাও আছেন বলে দলীয় সূত্র জানায়।

জানতে চাইলে ফারুক খান প্রথম আলোকে বলেন, অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তবে এখনো প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। তবে যিনি আনিসুল হকের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবেন এবং যাঁর জনপ্রিয়তা আছে, এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, এখন পর্যন্ত দলের পদধারীদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান দৌড়ঝাঁপ করছেন।

সাদেক খান প্রথম আলোকে বলেন, তিনি তিনবারের কাউন্সিলর। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেছেন। তিনি প্রার্থী হতে আগ্রহী এবং তা নেতাদের জানিয়েছেন। এখন সিদ্ধান্তের ভার দল ও দলীয় প্রধান শেখ হাসিনার ওপর।

২০১৫ সালের সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। এবারও তাঁর আগ্রহ আছে বলে জানা গেছে। সারাহ বেগম কবরী প্রথম আলোকে বলেন, তিনি এবারও প্রার্থী হতে চান। আগের বার দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। এবার দলীয় প্রধান মনোনয়ন দেবেন বলে তিনি মনে করেন।