সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা হত্যার রাজনীতি করি না, করব না। যত হামলা হয়েছে, আমাদের ওপর হয়েছে। এসব হামলায় আওয়ামী লীগের শাহ এ এম এস কিবরিয়া, আহসানউল্লাহ্ মাস্টার, আইভি রহমানসহ অসংখ্য নেতা-কর্মী নিহত হয়েছেন।’
গতকাল বৃহস্পতিবার সকালে মন্ত্রী হতদরিদ্র মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত পায়খানার সরঞ্জাম বিতরণ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। নীলফামারী সদর উপজেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় অনতে এসব বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ প্রমুখ বক্তৃতা করেন।
গতকাল বিকেলে নীলফামারী জেলা সদরের গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে জনসভার আয়োজন করা হয়।