'আমার ভোট লুকিয়ে আছে নারীদের মনে মনে'
রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী আমেনা বেগম। আমেনা বেগম ইকরচালী ইউপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে পঞ্চম দফায় ২৮ মে ইকরচালী, হাড়িয়ারকুঠি, কুর্শা, আলামপুর ও সয়ার ইউপিতে নির্বাচন হবে। কিন্তু কোনো দলই নারী প্রার্থী দেয়নি।
ক্ষমতাসীন দল থেকে কোনো নারী প্রার্থী না রাখার কারণ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘নারীদের প্রতি আমাদের দল সহনশীল। সমস্যা হলো প্রতিদ্বন্দ্বিতা করার মতো আগ্রহী নারী ছিলেন না। ফলে পুরুষদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া ছাড়া বিকল্প ছিল না।’
একই কথা জাতীয় পার্টিরও। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী হায়াত খান বলেন, ইচ্ছা থাকলেও নারীদের মধ্যে আগ্রহ না থাকায় তাঁদের রাখা যায়নি। তবে অন্তত একজন নারী প্রার্থী রাখা গেলে ভালো দেখাত বলে মন্তব্য করেন তিনি।
আমেনা বেগম নির্বাচনী মাঠে এবারই প্রথম নন। তিনি এর আগে ২০০৩ সালে ইকরচালী ইউপিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনে তিনি অংশ নেননি। তবে এবার জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।
গতকাল রোববার সকালে লক্ষ্মীপুর গ্রামে গিয়ে দেখা যায়, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আমেনা। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘একমাত্র নারী প্রার্থী হিসেবে আমি যেখানে যাচ্ছি, সেখানেই পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নারীরাই আমার ভোট ব্যাংক। একমাত্র নারী প্রার্থী হিসেবে এলাকার নারী ভোটাররা আমাকে ভুলে যাবেন না। তাঁরা আমাকে কথাও দিচ্ছেন। আমার ভোট লুকিয়ে আছে, নারীদের মনে মনে। তাঁরা এর প্রতিফলন ঘটাবেন ভোটের দিন।’