ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘বিএনপির কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা মিছিল করছি, প্রতিবাদ করছি। তবে সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আপনারা আরামে আছেন, আরামে থাকেন।’
গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
এই যৌথসভাকে কেন্দ্র করে মহানগর বিএনপির কার্যালয়ের আশপাশের এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়। পুলিশ কার্যালয়ের সামনে যানবাহন রাখতে এবং নেতা-কর্মীদের দাঁড়াতে দেয়নি। এর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা একটা সভা করছি তাতেই সশস্ত্র অবস্থায় পুলিশ অবস্থান করছে। কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এত ছোট মিটিংয়ে আতঙ্কিত হলে সামনে তো অনেক সময় বাকি আছে। তখন কী হবে।’
‘বিএনপির সরকারবিরোধী আন্দোলনের ক্ষমতা নেই’—আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, বিএনপির কিছু করার ক্ষমতা না থাকলে তাঁরা কেন এত প্রস্তুতি নিচ্ছেন? সরকার ভয় পেয়ে এসব করছে। তিনি বলেন, এখন সংগঠন গোছাচ্ছি। খালেদা জিয়া বিএনপির হাতে ঢাল-তলোয়ার তুলে দেননি। তাই কর্মসূচিও হবে শান্তিপূর্ণ। তবে এতে বাধা দিলে তার জন্য সরকার দায়ী থাকবে।