'আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছে বিএনপি জোট'
১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মো. নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত জোট আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছে। দেশে বিভিন্ন জঙ্গি হামলা ঘটিয়ে তারই প্রেক্ষাপট তৈরি করছে। কিন্তু বিএনপি-জামায়াত জোটের সেই স্বপ্ন পূরণ হবে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনের দল। আওয়ামী লীগের সঙ্গে দেশের আপামর জনগণ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। জেলা ১৪ দল এর আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরও বলেন, হলি আর্টিজনে জিম্মি ঘটনায় শেখ হাসিনা সারা রাত জেগে থেকে নির্দেশনা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ১৩ জন জিম্মিকে উদ্ধার করেন। অথচ ভারতের মুম্বাই ও আমেরিকায় জিম্মিদের উদ্ধারে অনেক সময় লেগেছে। জিম্মি উদ্ধারে শেখ হাসিনার তৎপরতা বিশ্বে প্রশংসিত হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা থাকায় ২০১৪ সালে নির্বাচন করার বিকল্প ছিল না। নির্বাচনের জন্য শেখ হাসিনা আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়াকে। কিন্তু খালেদা জিয়া সেই আহ্বানে সাড়া দেননি।
২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, আগামী নির্বাচনের জন্য দলের গৃহদাহ থামিয়ে দলকে গোছান। সন্ত্রাসবাদ মোকাবিলায় পাড়ায়-মহল্লায় ইমাম, শিক্ষক, মুরব্বিদের দিয়ে সন্ত্রাসবাদ কমিটি গঠন করে এলাকায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন দেশে ধর্মের নামে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের নামে নাশকতার ঘটনার জন্য বিএনপির নেত্রী খালেদা জিয়াকে দায়ী করে বলেন, খালেদা জিয়া বিডিআর বিদ্রোহ, হেফাজত আন্দোলনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এ জেলায় জঙ্গিদের কোনো স্থান হবে না।
অন্যদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ আখতার, সাংসদ শিবলী সাদিক, সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, বাসদের কেন্দ্রীয় নেতা রেজাউর রশিদ খান, দিনাজপুর জেলা জাসদের সভাপতি লিয়াকত আলী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবদুল হক প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি মতবিনিময় সভা করেন।