ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমরা তাঁদের আশ্বস্ত করেছি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গুপ্তহত্যা বা ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। দু-একজন ধরা পড়ার পর সেটা পরিষ্কার হয়ে গেছে।’
গতকাল শুক্রবার মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান। সেখানে তাঁরা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দের সঙ্গে বৈঠক করেন।
এর আগে গত ১৫ জুন আইএস-এর নাম ব্যবহার করে স্বামী ধ্রুবেশানন্দকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায়। অবশ্য পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে কিশোরগঞ্জের এক ব্যক্তিকে ফাঁসাতে তাঁর নাম-ঠিকানা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি এই চিঠি পাঠিয়েছেন।
বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শুধু একদিন এসেই আশ্বস্ত করে যাওয়া নয়, ধারাবাহিকভাবে এটা মনিটরিং করতে চাই। ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে আর কখনো কেউ যেন, গুপ্তহত্যা বা আতঙ্ক সৃষ্টির সুযোগ না পায়। সে কারণেই মূলত আসা।’ তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের মিত্ররা নাশকতা করে সরকার অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে রামকৃষ্ণ মিশনে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল।
পরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের আশ্বস্ত করেছেন।’ মঠ ও মিশনের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি দলে আরও ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। এ সময় স্থানীয় সাংসদ কাজী ফিরোজ রশীদও উপস্থিত ছিলেন।