'আসল বিএনপির' মেয়র প্রার্থী সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আসল বিএনপির’ মুখপাত্র কামরুল হাসান নাসিম বক্তব্য দেন। ছবি: আবদুর রশিদ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আসল বিএনপির’ মুখপাত্র কামরুল হাসান নাসিম বক্তব্য দেন। ছবি: আবদুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে ‘আসল বিএনপি’। আগামী ২৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ‘আসল বিএনপি’।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১৭ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ‘ব্যতিক্রমী’ অনুষ্ঠানে সালামকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন ‘আসল বিএনপির’ মুখপাত্র কামরুল হাসান নাসিম। ওই অনুষ্ঠানে কামরুল হাসান নাসিম ও আবদুস সালামের কথোপকথনের একটি অডিও সিডি বাজানো হয়। পরে ওই অডিও সিডি সাংবাদিকদের সরবরাহ করা হয়। তবে আবদুস সালাম ওই ফোনালাপের কথা অস্বীকার করেছেন। 
কামরুল হাসান নাসিম বলেন, ‘আসল বিএনপির মহাসচিব হিসেবে সম্ভবত আবদুস সালাম দায়িত্ব পালন করবেন। তবে এ বিষয়টি আগামী কাউন্সিলে নির্ধারণ হবে।’ আজকের অনুষ্ঠানে আবদুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করে দাবি করা হয়, তাঁরা ‘আসল বিএনপির’ সঙ্গে আছেন। তিনি বলেন, ‘আপনারা আবদুস সালামের সঙ্গে কথা বলে দেখতে পারেন। তিনি কৌশলগত কারণে অস্বাকীর করতে পারেন।’


‘আসল বিএনপির’ ডিএসসিসির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণাকে ভুয়া বলে দাবি করেছেন আবদুস সালাম। তিনি বলেন, ‘কে ওই নাসিম? সে একটা ভুয়া লোক। দেশের বর্তমান ক্রাইসিস সময়ে সরকারের কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই সুযোগ খোঁজে। ডিসিসিতে কে প্রার্থী হবে, তার নির্দেশনা দেবেন খালেদা জিয়া। অন্য কেউ নয়। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

কামরুল হাসান নাসিমের ব্যতিক্রমী অনুষ্ঠানে ছিল কয়েকজন কিশোর। ছবি: আবদুর রশিদ
কামরুল হাসান নাসিমের ব্যতিক্রমী অনুষ্ঠানে ছিল কয়েকজন কিশোর। ছবি: আবদুর রশিদ


কামরুল হাসান নাসিম চিৎকার করে খালেদা-তারেকের কোনো বক্তব্য বা যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের কোনো বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আজ থেকে অবৈধ খালেদা-তারেকের নির্দেশে যেকোনো বিবৃতি প্রচার করবে, তা যেন সংবাদমাধ্যম প্রচার না করে।’ তিনি ঘোষণা করেন, ‘২৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ‘আসল বিএনপি’র কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কাউন্সিলে দলের যে কমিটি গঠন করা হবে, তার সঙ্গেই জননেত্রী শেখ হাসিনার সরকারের সংলাপ হবে। অবৈধ খালেদা-তারেকের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে নয়।’

কামরুল হাসান নাসিম তাঁর বক্তব্যের পুরো সময় খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করেন। ওই ব্যতিক্রমী অনুষ্ঠানে শুধু তিনিই বক্তব্য দেন। তবে সংগঠনটির ‘ক্রান্তিকালীন সদস্য’ আবদুল মান্নানসহ তাঁর ওই ‘ব্যতিক্রমী’ অনুষ্ঠানে ৪০ জনের মতো কিশোর উপস্থিত ছিল। তাঁদের কয়েকজনের কাঁধে স্কুলের ব্যাগও দেখা যায়।