'আসল' বিএনপি আবারও পালাল মার খেয়ে

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মহড়া’ দিতে গিয়ে আবারও ধাওয়া ও মারধরের শিকার হয়েছে কথিত ‘আসল’ বিএনপি। এ সময় অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে কামরুল হাসান নাসিমের সমর্থক প্রায় অর্ধশত লোক নয়াপল্টন এলাকায় যান। তাঁরা জোনাকি সিনেমা হলের পাশের গলি থেকে বের হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে আগে থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে ‘আসল বিএনপি’র সমর্থকদের মারধর শুরু করলে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল হাসান নিজেকে বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে বলেন, ‘আজ আমাদের শান্তিপূর্ণ চতুর্থ মহড়া ছিল। কিন্তু ওরা তো সব সময় অশান্তি করে ফেলে। আমাদের ছয়জনকে মারধর করে আহত করেছে।’
কামরুলের তৎপরতা সম্পর্কে বিএনপি সংবাদ সম্মেলন করে দাবি করেছে, এসব সরকারি নীলনকশার অংশ। কথিত ‘আসল’ বিএনপি সরকারের উচ্ছিষ্টভোগী ও টোকাই।