'আসল' সইয়ের সভাই স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ‘আসল’ সইয়ে ডাকা সভাটিই স্থগিত করা হয়েছে। শহরের শিববাড়ি সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাটিই গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অথচ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার তাঁর সই জাল করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা আহ্বান করার অভিযোগ করেছিলেন। সই জাল করার নিন্দা জানানোর পাশাপাশি তিনি বলেছিলেন তাঁর নিজের সইয়ে আহ্বান করা কার্যকরী কমিটির সভা শহরের কাচারি সড়কে অনুষ্ঠিত হবে।
সভা উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় দ্রুত সময়ের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো দ্রুত গঠন করার ওপর জোর দেওয়া হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করে। তবে সভায় যোগ দেননি মতিন সরকারসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
গতকাল দুপুর ১২টায় শহরেরর কাচারি রোডের ওই কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানে কেউ নেই। কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগের সভা হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে কেউ আসেনি। এমনকি সভা হবে না সে বিষয়টি জানানোও হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে শেষ পর্যন্ত কাচারি সড়কের কমিউনিটি সেন্টারের সভাটি স্থগিত করা হয়েছে।