'আহত হাসিনাকে একবার দেখতেও যাননি খালেদা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর আহত শেখ হাসিনাকে একবার দেখতেও যাননি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গ্রেনেড হামলার পরপরই ঢাকার প্রয়াত মেয়র হানিফের নেতৃত্বে মানব ঢাল তৈরি করে দেশনেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। 

আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সাক্ষ্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্তের অবশিষ্ট সাক্ষ্য এবং তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
গতকাল সোমবার সাক্ষ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ওই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল।
আদালতে আজ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ঘটনায় আহত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার দেখতেও যাননি তৎকালীন চারদলীয় জোট প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গ্রেনেড হামলার পরপরই ঢাকার প্রয়াত মেয়র হানিফের নেতৃত্বে মানব ঢাল তৈরি করে নেত্রীকে (শেখ হাসিনা) বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এ সময় বিস্ফোরিত গ্রেনেডের স্প্লিন্টার নেতা-কর্মীদের গায়ে বিঁধে। তাঁর নিজের গায়ে ২৬টি স্প্লিন্টার বিঁধে। এর মধ্যে দুটি বের করা সম্ভব হয়েছে। বাকি ২৪টি বের করা সম্ভব না হওয়ায় বাকি জীবন স্প্লিন্টার শরীরে বয়ে বেড়াতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ওবায়দুল কাদের, প্রয়াত আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। পরে পত্র-পত্রিকায় জেনেছেন, চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসভবনে গ্রেনেড হামলা পরিকল্পনা করা হয়। তদন্তে বেরিয়ে এসেছে হাওয়া ভবনে তারেক রহমান, হারিস চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হানিফ পরিবহনের মো. হানিফ গ্রেনেড হামলার চালানোর জন্য জঙ্গিদের নিয়ে বৈঠক করেছেন।

আরও পড়ুন: