'ইউপি নির্বাচন মৃত গণতন্ত্রের কফিনে শেষ পেরেক'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যেটুকু অবশিষ্ট ছিল, সেটুকু কলুষিত করে ফেলেছে। এত খারাপ নির্বাচন এ দেশের মানুষ আর কখনো দেখেনি। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মৃত গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি আয়োজিত এক কর্মিসভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, এ সরকার পুরো নির্বাচনব্যবস্থাকেই সুপরিকল্পিতভাবে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কারণ তারা জানে, একটা সুষ্ঠু-অবাধ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দিনই তাদের রাষ্ট্রক্ষমতায় থাকার অভিপ্রায় বাস্তবায়ন হবে না।
বাজেট সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘বাজেট ঘোষণার পর গতবারও তারা বলেছিল, আমরা বাজেটের সবকিছুই অর্জন করব। কিন্তু পারেননি। এবারের বাজেট ৩০ ভাগ পরিধি বাড়ানো হয়েছে। কিন্তু তারা কীভাবে অর্থ সংগ্রহ করে বাজেট বাস্তবায়ন করবে, সে সম্পর্কে কোথাও নির্দেশনা নেই। এ ধরনের বাজেট দেশকে আরও সংকটের মধ্যে ফেলবে। সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়ানো হচ্ছে। এ বাজেটের ফলে সে কর আরও বাড়বে।’