'ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার। মাঠপর্যায়ে যে হুমকির পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে ইউপি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে কি না, আমাদের সন্দেহ রয়েছে।’
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কুড়িগ্রাম জেলা শাখার এক কর্মী সমাবেশে গতকাল রোববার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ ফজলে হোসেন বাদশা। কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে আয়োজিত ওই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রোবেল আলম মণ্ডল।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমরা যাঁরা শরিক দল, আমাদের প্রার্থীরাও নির্বাচনে স্বাভাবিকভাবে তাঁদের কর্মকাণ্ড চালাতে পারছেন না।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া যদি আখিরাত পর্যন্ত চেষ্টা করেন, তাও ক্ষমতায় যেতে পারবেন না। কিন্তু আমরাও কি আখিরাত পর্যন্ত অপেক্ষা করব দেশের মানুষের শান্তির জন্য।’
বক্তব্য দেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম, জেলা যুবমৈত্রীর সহসভাপতি সহিদুল ইসলাম প্রমুখ।