'ইমরান খানের মতো খালেদা বাড়িতে ফিরবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি-সন্ত্রাসীদের’ নেত্রী আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানের ইমরান খান নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য রাস্তায় নেমে হতাশ হয়ে বাড়িতে ফিরে গেছেন। খালেদা জিয়াও ইমরান খানের মতো বাড়িতে ফিরে যাবেন।
আজ শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের চন্দনপুরায় আয়োজিত সন্ত্রাসবিরোধী এক সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রউফের সভাপতিত্বে সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান প্রমুখ। সমাবেশের পরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন হাছান মাহমুদ।
বিএনপি-জামায়াত জোটকে ‘জঙ্গি’ জোট বলে অভিহিত করে হাছান মাহমুদ বলেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের চেয়েও এই জোট এখন দেশজুড়ে জঘন্য কাজ করছে। এদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া এখন জঙ্গি-সন্ত্রাসীদের নেত্রী। তিনি সরকারের বিরুদ্ধে জঙ্গি-সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। পাকিস্তানের ইমরান খানও নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য রাস্তায় নেমেছিলেন। হতাশ হয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন। নতুন বউ ঘরে তুলেছেন। খালেদা জিয়াও ইমরান খানের মতো কয়েক দিন পর বাড়িতে ফিরে যাবেন। এরপর খালেদা জিয়া কী করবেন, সেটা দেখার অপেক্ষায় আছে জনগণ।’
সন্ত্রাসবিরোধী সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত জঙ্গি জোট সারা দেশে গুপ্ত হামলা চালিয়ে মানুষ খুন করছে। তারা যে রাজনীতি করছে, তা নিয়মতান্ত্রিক রাজনীতি নয়। হামলাকারীরা কোনো রাজনীতিবিদ নয়, রাজনৈতিক কর্মী নয়, এরা আসলে দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীদের প্রতিরোধ করতে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করতে হবে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘খালেদা জিয়ার ডাকা অবরোধ সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা ছাড়া কেউ তা ধরে রাখতে পারেনি। এমনকি পৃথিবীর প্রথম যে ১০টি দেশ ক্রমাগতভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সন্ত্রাস রুখে দিতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’