'ইমরানের মতো খালেদা জিয়াও বাড়িতে যাবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানে নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য রাস্তায় নেমেছিলেন সে দেশের রাজনীতিবিদ ইমরান খান। হতাশ হয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন। খালেদা জিয়াও ইমরান খানের মতো কয়েক দিন পর বাড়িতে ফিরে যাবেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চন্দনপুরায় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ অভিযোগ করেন, খালেদা জিয়া এখন জঙ্গি-সন্ত্রাসীদের নেত্রী। তিনি সরকারের বিরুদ্ধে জঙ্গি-সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট ‘জঙ্গি জোট’। তারা দেশজুড়ে জঘন্য কাজ করছে। এদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের নেতা আবদুর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা, আওয়ামী লীগের নেতা আবদুর রহমান প্রমুখ। সমাবেশের পরে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাছান মাহমুদ দাবি করেন, বিএনপি-জামায়াত জোট যে রাজনীতি করছে, তা নিয়মতান্ত্রিক রাজনীতি নয়। যারা সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে, তারা রাজনৈতিক কর্মী নয়, তারা দুষ্কৃতকারী।