'ইসি লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়েছে'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন তাদের লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন রিজভী।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘ভোট ডাকাতির নির্বাচন’ আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানান বিএনপির এই নেতা।
পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের একটি বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় শিশু নিহত হয়েছে। এই লজ্জা কার? পুলিশ ভোট দিচ্ছে। এই লজ্জা কার?
গতকাল শনিবার হানিফ বলেছিলেন, ইউপি নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে। তাই লজ্জার হাত থেকে বাঁচতে তারা এখন নির্বাচন থেকে সরার চিন্তা করছে।
রিজভীর ভাষ্য, নির্বাচনব্যবস্থা অভিভাবকহীন হয়ে পড়েছে।