'ইয়াছিন কিংবা হামলাকারী ছাত্রলীগের নয়'
চট্টগ্রাম সিটি কলেজের নিহত ছাত্র ইয়াছিন আরাফাত ও তাঁর ওপর হামলাকারী প্রতিপক্ষ হিসেবে যাদের কথা বলা হচ্ছে, তারা ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ রোববার ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
হোটেলে দুপুরে ভাত খাওয়ার সময় ছুরি নিয়ে ছাত্রলীগের এক পক্ষ অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের ওপর। এতে প্রাণ হারান ইয়াছিন আরাফাত। ছুরিকাঘাতে আহত হন আরও দুজন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ‘আল মদিনা ভাতঘর’ হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফাত চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজে পড়তেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে। ইয়াছিন আরাফাতের বাবা কামাল উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগ করত জানি। কিন্তু তাই বলে এভাবে কেন মেরে ফেলা হলো?’ তাঁর চাচা আবছার উদ্দিন ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদও একই দাবি করেন।
তবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বাংলাদেশ ছাত্রলীগের কোনো কমিটি নেই এবং সেখানে ছাত্রলীগের কোনো কার্যক্রমও নেই। তাই ব্যক্তিগত ঘটনার দায়ভার কোনোভাবেই বাংলাদেশ ছাত্রলীগ নেবে না, নিতে পারে না।’ তাই এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের নাম ব্যবহার না করার দাবি জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়।