'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' চাপানোর চেষ্টা: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, দেশে সুশাসন না থাকা, গণতান্ত্রিক পরিবেশের অভাব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার কারণে বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে। আরেক প্রশ্নে জবাবে তিনি বলেন, সরকার ও প্রশাসন যখন ব্যর্থ হয়, তখন তারা অন্যের ওপর দায় চাপাতে চায়। এ ধরনের কাজ তারা আগেও করেছে, এ ধরনের কথা আগেও বলেছে। এর মাধ্যমে তারা ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল জানান, তিনি এখনো অসুস্থ। চিকিৎসার জন্য আবার দেশের বাইরে যাবেন।

দুপুরে কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। ছবি: ফোকাস বাংলা
দুপুরে কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। ছবি: ফোকাস বাংলা

দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, যারা এত দিন জঙ্গিবাদের জিকির তুলেছে, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশে জঙ্গিবাদ নেই। এখন যে চ্যালেঞ্জ দেশের সামনে এসেছে, তা মোকাবিলায় তিনি জাতীয় ঐকমত্য সৃষ্টির আহ্বান জানান।
সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এক পর পরই ইতালিয় নাগরিক হত্যার ঘটনা ঘটেছে। এ দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে রিপন বলেন, বিএনপি সবকিছুতে ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করে না। বিএনপি মনে করতে চায়, এটি বিচ্ছিন্ন ঘটনা। সরকারকে এ ব্যাপারে যথাযথ তদন্ত করার আহ্বান জানান তিনি।