'উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের খোঁজ মেলেনি এক মাসেও। তাঁর সন্ধানে গঠিত পুলিশের কমিটি বলছে, খোঁজ চলছে।
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, সালাহ উদ্দিনের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এদিকে সালাহ উদ্দিনের দুজন গাড়িচালক ও একজন ব্যক্তিগত সহকারী কারাগারে আটক রয়েছেন। এই তিন কর্মীর পরিবারও তাঁদের মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন।
সালাহ উদ্দিনের পরিবারের অভিযোগ, গত ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তিনি নিখোঁজ।
সালাহ উদ্দিনকে নিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সে সময় ওই বাসার সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি ছিল। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাহ উদ্দিনকে আটক বা তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।
সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নেওয়ার এক মাস পরও তাঁর স্বামীকে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, তাঁর সন্ধানও দিল না। তিনি নিশ্চিত, সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। উত্তরার যে বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয়, ওই বাড়ির দারোয়ান তা দেখেছেন বলে তাঁকে (হাসিনা আহমদ) জানিয়েছেন। তিনি বলেন, সালাহ উদ্দিনকে ধরে নেওয়ার তিন দিন আগে ৭ মার্চ তাঁর সম্পর্কে তথ্য নিতে তাঁর দুই গাড়িচালক শফিকুল ইসাম ও খোকনকে গুলশানের কালাচাঁদপুরের নর্দ্দা বাজারের বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিন বাড্ডা থেকে আটক করা হয় সালাহ উদ্দিনের ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে। তিন দিন তাঁদের হদিস পাননি স্বজনেরা। পরে ১০ মার্চ ৫৪ ধারায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গুলশান থানায় সোপর্দ করা হয়। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।
হাসিনা আহমদ বলেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করলেও তা তিনি বিশ্বাস করেন না। তাঁর স্বামীর সন্ধান দেওয়ার উদ্যোগ বলতে তিনি শুধু দেখেছেন, গত বৃহস্পতিবার পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন তাঁকে ফোন করে বলেছেন, ‘সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়ে জানতে আপনাকে ডাকব, তখন এ নিয়ে কথা হবে।’
যোগাযোগ করা হলে গতকাল রাতে সালাহ উদ্দিনের গাড়িচালক শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা বলেন, তাঁর স্বামীকে বাসা থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েকজন। সাদা পোশাকে থাকা ওই ব্যক্তিদের কয়েকজনের হাতে শটগান ছিল। তাঁর স্বামীর মতো নিরপরাধ হয়েও খোকন ও ওসমান গণিও কারাগারে আটক আছেন। তাঁদের তিন পরিবার এখন তাঁদের মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।
রেবেকা বলেন, স্বামীর অনুপস্থিতিতে ছোট একটি সন্তান নিয়ে তিনি মানবেতর দিন কাটাচ্ছেন।
সালাহ উদ্দিনের পারিবারিক সূত্র জানায়, সালাহ উদ্দিনের সন্ধানে তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। মানবাধিকার কমিশন, র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্বামীর খোঁজ পেতে ১৪ মার্চ তিনি হাইকোর্টে রিট আবেদনও করেন। ১৫ এপ্রিল এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। সালাহ উদ্দিনের খোঁজ না পাওয়ায় তাঁর স্ত্রী ও স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।
১৬ মার্চ সালাহ উদ্দিনের সন্ধানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) যুগ্ম কমিশনার (অপরাধ ও অভিযান) মীর রেজাউল আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম।
জানতে চাইলে এই সন্ধান কমিটির সদস্য উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, এখনো সালাহ উদ্দিনের সন্ধান পওয়া যায়নি। তবে তাঁর খোঁজ পেতে অনুসন্ধান চলছে।
সেই বাড়ির দুই নিরাপত্তাকর্মী চাকরিচ্যুত: ১০ মার্চ উত্তরার ৩ নম্বর সেক্টরের যে বাড়ি থেকে সালাহ উদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই বাড়ির দুই নিরাপত্তাকর্মী আখতারুল ইসলাম ও আশরাফুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। এর কারণ হিসেবে ওই বাড়ির তিনতলার বাসিন্দা খসরু আহমেদ প্রথম আলোকে বলেন, সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনা জানতে টিভি চ্যানেলসহ বিভিন্ন লোকজন ওই দুই নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলতে আসত। এতে এই বাড়ির বাসিন্দাদের নিরাপত্তা ব্যাহত হচ্ছিল। এ কারণে তাঁদের সরিয়ে নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে উত্তরার ওই বাড়িতে গিয়ে মোশারফ হোসেন নামের এক নিরাপত্তাকর্মীকে দায়িত্বরত দেখা যায়। তিনি প্রথম আলোকে বলেন, আশরাফুল ও আখতারুলকে সরিয়ে দেওয়ার পর বাড়ির বাসিন্দারা তাঁকেসহ তিনজন নতুন নিরাপত্তাকর্মীকে নিয়োগ দেন। তাঁরা একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী। জানা গেল, সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার পর ওই বাড়ির দোতলার বাসিন্দা হাবিব হাসনাত বাসাটি ছেড়ে চলে গেছেন।
তৃতীয় তলার বাসিন্দা খসরু আহমেদ জানান, এই বাড়ির মালিক কানাডা প্রবাসী। চাকরিচ্যুত দুই নিরাপত্তাকর্মী আখতারুল ও আশরাফুল বাড়িওয়ালার লোক ছিলেন। গত সপ্তাহে ওই দুজন দেখা করতে এসেছিলেন। কিন্তু তাঁরা কোথায় থাকেন ও গ্রামের বাড়ি কোথায় তা তিনি জানেন না। পাশের বাড়ির নিরাপত্তাকর্মী মো. সেলিম জানান, তিনি আখতারুল ও আশরাফুলের বাড়ির ঠিকানা জানেন না।