'উনি হেসে হেসে লোককে গুলি করতে পারেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশে খুনের অভিযোগ এনেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁর দাবি, ‘উনি (নাছির) হেসে হেসে লোককে গুলি করতে পারেন। মানুষ খুন করতে পারেন। ১২টা লোককে হত্যা করেছেন।’ গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় মেয়র নাছিরের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন তিনি।

মহিউদ্দিন চৌধুরী এখন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি আর মেয়র নাছির একই কমিটির সাধারণ সম্পাদক। আবার মহিউদ্দিনের বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

মহিউদ্দিন চৌধুরীর দাবি, চট্টগ্রাম নগরের একজন ওয়ার্ড কাউন্সিলরকে ডেকে নিয়ে বকাবকি করেন মেয়র নাছির। তখন খুনের কথা বলেছেন মেয়র। তিনি বলেন, ‘আপনি খুনি হয়ে মেয়রের দায়িত্ব পালন করছেন। আপনি সংশোধন হয়ে যান। কিন্তু হচ্ছেন না। আমরা চট্টগ্রামবাসী ক্ষুব্ধ। চট্টগ্রামবাসী সভা করে আপনাকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবে।’

সমাবেশে মহিউদ্দিন চৌধুরীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় মেয়র নাছির উদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে কথা বলতে পারেন না। মেয়র পদে মনোনয়ন না পেয়ে অন্তর্জ্বালা থেকে এসব বলেছেন। তিনি আমার দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থতা নিয়ে কিছু বলতে পারেননি। এসব তাঁর স্টান্টবাজি। ১৭ বছর তিনি মেয়র ছিলেন। যেভাবে নগর সাজানোর কথা ছিল, সেটা তিনি করতে পারেননি। বরং আমি সব সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।’

‘সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে ডাকা ওই সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, সিটি করপোরেশনের দরজা বন্ধ করে সার্বক্ষণিক চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন মেয়র নাছির। তিনি বন্দরে ব্যবসা নিয়েছেন। মানুষের জায়গা দখল করছেন বলেও অভিযোগ করেন প্রবীণ এই নেতা।

নগরের কাজীর দেউড়ি এলাকায় আউটার স্টেডিয়ামে সুইমিংপুল বানানোর সমালোচনা করে মহিউদ্দিন বলেন, ‘আপনি আউটার স্টেডিয়াম ঘিরে ফেলে সুইমিংপুল বানাচ্ছেন। ছেলেদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। এই যে অপকর্ম করছেন এটা ঠিক নয়। এটা আপনার পৈতৃক জায়গা নয়। আবেদন করব, সুইমিংপুল নামে দোকানঘর করে ভাড়া দেবেন না। আপনাকে ১৫ দিন সময় দিলাম। এই কাজ বন্ধ রাখুন। নইলে আমাদের ছেলেরা এই ঘেরাও ভেঙে দেবে। সেখানে বিজয় মেলা হয়। উনি বিজয় মেলার পক্ষে নন। উনি তো মুক্তিযোদ্ধা নন।’

মেয়র নাছিরের সঙ্গে দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন বলেন, ‘পত্রিকায় লিখেছে তাঁর সঙ্গে নাকি আমার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আপনি আমাদের নেতা। নেতা ভুল করলে বলতে হবে। এটা আমাদের দায়িত্ব। নেতার ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি তাঁর বিরুদ্ধে বলছি না।’

চট্টগ্রামের তিন সাংসদ এম এ লতিফ (চট্টগ্রাম নগরের পতেঙ্গা-হালিশহর), শামসুল হক চৌধুরী (পটিয়া উপজেলা) এবং দিদারুল আলমের (সীতাকুণ্ড উপজেলা) সমালোচনা করে মহিউদ্দিন চৌধুরী বলেন, তাঁরা বন্দর চেয়ারম্যানের অফিসে বসে থাকেন। কিন্তু সংসদে কথা বলেন না।

অভিযোগের বিষয়ে সাংসদ দিদারুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি বন্দরের উপদেষ্টা কমিটিতে আছি। মিটিংয়ে ডাকলে যাই। তবে বন্দর চেয়ারম্যানের কক্ষে আমি কখনো যাইনি।’

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, এক বছর ধরে তিনি বন্দর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনো হননি। বন্দরের স্থায়ী কমিটির সদস্য হিসেবে সাংসদেরা প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিয়ে বন্দর ভবনে আসেন।

সাবেক ও বর্তমান মেয়রের পরস্পরবিরোধী বক্তব্য রাজনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। তিনি প্রথম আলোকে বলেন, দুজন যেভাবে একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, তা ভাববার বিষয়। এটি খুবই দুঃখজনক। সমালোচনা তো ভদ্রভাবেও করা যায়। তিনি বলেন, দলের সাধারণ সম্পাদক কিছুদিন আগে দুজনকে নানা কথা বলে গেছেন। কিন্তু তাতে কাজ হয়েছে বলে তো মনে হচ্ছে না।