'এ কে খন্দকার আ.লীগে অনুপ্রবেশকারীদের একজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক চেয়ারম্যান এ কে খন্দকারকে ‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের একজন’ বলে আখ্যায়িত করেছেন।

মন্ত্রী বলেছেন, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান ভারতে বসে পাকিস্তানকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র করেছিলেন। আর তাঁদের সহযোগী ছিলেন এ কে খন্দকার।

আজ বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যক্তি-উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, এ কে খন্দকার ছিলেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের একজন। তিনি এখানে ঘাপটি মেরেছিলেন। এটা দীর্ঘদিন পর হলেও প্রকাশ পেয়েছে।

মন্ত্রী বলেন, এ কে খন্দকার তাঁর লেখার মাধ্যমে বঙ্গবন্ধুকে হেয়প্রতিপন্ন করেছেন। তিনি বলেন, এদের বিচার হবে। এদের যেসব দোসর আজ বেঁচে নেই, তাদেরও মরণোত্তর বিচার শুরু করা হবে।


মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলা হবে। আর আগামী বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ১০ হাজার টাকায় উন্নীত হবে। তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

ব্যক্তি-উদ্যোক্তা বিজ্ঞানী আজাদ খানের উদ্যোগে জাদুঘরটির উপজেলার র্যালি আবাসিক এলাকার খানবাড়িতে গড়ে তোলা হয়েছে। জাদুঘরের উপদেষ্টা কুতুব উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজনীন, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জাদুঘরের প্রতিষ্ঠাতা বিজ্ঞানী আজাদ খান প্রমুখ।

জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন জিনিসের রেপ্লিকা স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক ট্রেন, ব্রিজ, পয়োনিষ্কাশন-ব্যবস্থা, বিদ্যুত্ ছাড়া চালিত পাখা ইত্যাদি। জাদুঘরটিতে প্রবেশে কোনো ফি লাগবে না। জাদুঘরটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনের জন্য খোলা থাকবে।